মোদী সরকারের উপহার, JEE Main ও অন্যান্য পরীক্ষার ফ্রি কোচিং মিলবে, IIT-র শিক্ষকরা করাবেন প্রস্তুতি

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ৬ মার্চ সোমবার এমন একটি প্ল্যাটফর্ম চালু করবে যেখান থেকে ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন প্রবেশিকা পরীক্ষা এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে এমন শিক্ষার্থীরা বিনামূল্যে কোচিং নিতে পারবে।

মোদী সরকারের পক্ষ থেকে জেইই মেন সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক ও প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে এমন ছাত্রছাত্রীদের বড় উপহার। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ৬ মার্চ সোমবার এমন একটি প্ল্যাটফর্ম চালু করবে যেখান থেকে ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন প্রবেশিকা পরীক্ষা এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে এমন শিক্ষার্থীরা বিনামূল্যে কোচিং নিতে পারবে। এই প্ল্যাটফর্মে আইআইটি এবং আইআইএসসির মতো প্রতিষ্ঠিত ইনস্টিটিউটের শিক্ষকদের ভিডিও দেখে শিক্ষার্থীরা বিনামূল্যে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। ইউজিসি প্রধান এম জগদীশ কুমার টুইট করে এই তথ্য দিয়েছেন।

এই প্ল্যাটফর্মের নাম সাথী ( SATHEE - Self Assessment Test and Help for Entrance Exams)। সেলফ অ্যাসেসমেন্ট টেস্ট অ্যান্ড হেল্প ফর এন্ট্রান্স এক্সাম - ভারতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান (আইআইটি), কানপুরের সহযোগিতায় তৈরি করা হয়েছে। ইউজিসি প্রধান টুইটে বলেছেন, ‘‘এই মঞ্চের উদ্দেশ্য সমাজে সেইসব শিক্ষার্থীদের মধ্যে ব্যবধান পূরণ করা যারা ব্যয়বহুল প্রবেশিকা পরীক্ষার কোচিংয়ের খরচ বহন করতে পারে না। এর উদ্দেশ্য শিক্ষার্থীদের তাদের দুর্বল বিষয়গুলিতে মনোনিবেশ করানো যাতে তারা আইআইটি এবং আইআইএসসি ফ্যাকাল্টি সদস্যদের দ্বারা তৈরি ভিডিও দেখে যে কোনও পরীক্ষা দিতে আত্মবিশ্বাস অনুভব করে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ৬ মার্চ সকাল ১০.৪৫ টায় এই মঞ্চের সূচনা করবেন।’

সাথীতে এক্সপার্ট শিক্ষকদের আপলোড করা ভিডিওর মাধ্যমে শিশুরা তাদের ধারণা পরিষ্কার করতে পারবে। যে বিষয়গুলিতে তারা দুর্বল, সেগুলির আরও ভাল প্রস্তুতি নিতে পারবে।